হিলি স্থলবন্দর

বেশি আমদানি করে বিপাকে পেঁয়াজ ব্যবসায়ীরা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:৩১ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে স্বল্প সময়ে বেশি পেঁয়াজ আমদানি হওয়ায় এবার বিপাকে পড়েছেন আমদানিকারকরা। ক্রেতা সংকটে গুদামেই নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে আমদানি করা বিপুল পেঁয়াজ। ফলে বাধ্য হয়ে কমদামে ছাড়তে হচ্ছে আমদানিকারকদের। পাশাপাশি গত দুদিন আমদানি বন্ধ রেখেছেন তারা।

এদিকে হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। দুই দিন আগেও আমদানি করা যে পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা কেজি ছিল গতকাল তা বিক্রি হয়েছে ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের দরেও। দেশি পেঁয়াজের দাম এই সময়ে কেজিতে ৪ থেকে ৫ টাকা করে কমেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বলেন, ভারত থেকে পেঁয়াজের ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ ছিল ২৯ মার্চ পর্যন্ত। এ কারণে আমদানিকারকরা তাদের আইপির বিপরীতে ভারতে যে এলসি দেওয়া ছিল তা স্বপ্ল সময়ে আমদানি করেছেন। ফলে স্বল্প সময়ে বন্দর দিয়ে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছিল। এর ফলে চাহিদার তুলনায় দেশের বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের বাজারে ধস নামে। যেখানে আমাদের কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

বাবলুর রহমান জানান, আমদানি করার পেঁয়াজ কমপক্ষে ২৭ টাকা কেজি দরে বিক্রি করলে তাদের পোষায়। কিন্তু সেই পেঁয়াজ তাদের বিক্রি করতে হচ্ছে ১৭ থেকে ২১ টাকা দরে। 

এই ব্যবসায়ী বলেন, আমদানি করা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ গুদামে মজুদ রয়েছে। এর মধ্যে নতুন করে আবারও আমদানির অনুমতি ও সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সে মোতাবেক আমরা আইপি পেয়ে এলসিও খুলেছি। কিন্তু মোকামে চাহিদা নেই।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ৩০ ও ৩১ মার্চ কোনো পেঁয়াজ আমদানি হয়নি। ২৯ মার্চ যে ১৬৯০ টন আমদানি হয়েছিল তাই দুই দিন ধরে খালাস হয়েছে।

এদিকে হিলি বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। জোবায়ের আহমেদ নামের এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে যে পেঁয়াজ কিনতে হয়েছে আজ তা ১৪ থেকে ১৫টাকা দরে কিনতে পারছি। দাম কমায় আমাদের মতো নি¤œ আয়ের মানুষের বেশ সুবিধা হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান বলেন, বন্দর দিয়ে বাড়তি পেঁয়াজ আমদানির ফলে দাম কমেছে। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের দামেও। তবে দাম কমলেও বাজারে তেমন ক্রেতা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত