দেওয়ানি মামলায় সময় মতো বিচার হয় না বলে ফৌজদারি মামলা হয়: আইনমন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৫:১৩ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন, জনগণ দেওয়ানি মামলায় সময় মতো বিচার পায় না বলে ফৌজদারি মামলা হয়। এ কারণে মামলার সংখ্যাও বৃদ্ধি পায়।

এছাড়া, সারা দেশে আদালতগুলো ৩৯ লাখ মামলার জট আছে বলা হলেও আইনমন্ত্রী মনে করেন, এই সংখ্যা আরও কম।

শনিবার দুপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা (সিআর) হওয়ার পরে কতগুলো তদন্তাধীন, এটা মামলা হিসেবে ধরা হবে কেন? কারণ বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এটাকে পুলিশের তদন্ত কাজ হিসেবে ধরা হবে। তাহলেও কিন্তু মামলা কমে যাবে।

তিনি বলেন, মামলার সংখ্যা কমে গেলে আমরা সন্তুষ্ট সেটা আমরা বলছি না। আমি বলছি কোনো সমস্যার সমাধান করতে গেলে যেটা প্রয়োজন সমস্যাটা আসলে কী সেটা দেখতে হবে। আমি যেটা দেখেছি, সমস্যা একটাই— জনগণ দেওয়ানি মামলায় সময় মতো বিচার পায় না। যে কারণে ফৌজদারি মামলা হয়। সেটাকে বন্ধ করার জন্য হতাশ না হয়ে আমরা যদি উদ্যোগ নিই তাহলে আমার মনে হয়, আমরা মামলার জট কমাতে পারব।

আইনমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। মামলা দায়ের এবং নিষ্পত্তি সহজীকরনে ২ হাজার ২০০ কোটি টাকা খরচে ই-জুডিশিয়ারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সাক্ষ্য আইন সংশোধন করছি।

তিনি বলেন, আমি আশা করি, আমাদের নেওয়া উদ্যোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে মামলার জট কমে আসবে। আসুন আমরা বৈষম্যের কথা না বলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এক হই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত