খেলা হবের ‘জনককে’ কাছে পেয়ে কলকাতাবাসীর উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৬:০৩ পিএম

নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ। নানা সময় বিভিন্ন ইস্যুতে তিনি তার নির্বাচনী এলাকার বাইরে জাতীয় রাজনীতিতেও আলোচনায় থাকেন। তার পরিচিতির গণ্ডি বাংলাদেশ পার হয়ে প্রতিবেশী দেশেও বিস্তৃত।

বিষয়টি টের পাওয়া যায় শামীম ওসমানের দেয়া একটি স্লোগান ভারতে রাজনীতি ও ভোটের মাঠে জনপ্রিয় হয়ে ওঠার পর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখেই শোনা যায় শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগান।

সেই ‘খেলা হবের’ জনক শামীম ওসমানকে কাছে পেয়ে এবার কলকাতাবাসী তাকে অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানাতে ভোলেননি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান খুবই পরিচিত মুখ, ভক্তরা সবাই চায় তার সাথে ছবি তুলতে। এটি কলকাতার চিত্র।

প্রতিবেদনে বলা হয়, শামীম ওসমান এখানে এসেছেন চিকিৎসার কাজে। ছেলে অয়ন আর মেয়ে অঙ্গনাকে নিয়ে হোটেলের লবিই হোক, কিংবা স্ত্রী সালমাকে নিয়ে নিউমার্কেট, যেখানেই যাচ্ছেন, সেখানেই উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন শামীম ওসমান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আধঘণ্টার মধ্যে অন্তত ছয় তরুণ শামীম ওসমানের কাছে এসে তাকে অভিনন্দন জানান, ‘খেলা হবে’ স্লোগান তৈরির জন্য।

শামীম ওসমান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তার কাছে কলকাতা অক্সিজেন। তিনি এমন এক দিনের আশা করেন, যখন ভারত-বাংলাদেশ সীমান্ত পার হতে ভিসার প্রয়োজন হবে না।

তিনি বলেন, ‘কলকাতার যেখানেই যাই, কেউ না কেউ বাংলাদেশে নিজের শেকড়ের স্মৃতি রোমন্থন করছে। আমি বুঝতে পারি তারা শেকড়ের কাছে সহজে যেতে চান। ভারত সম্পর্কে আমার অনুভূতিটাও একই রকম। শেনজেন ভিসার মতো কোন একটা প্রক্রিয়ার কথা ভাবার এটাই সময়।’

শামীম ওসমানের মায়ের বাড়ি বর্ধমান। তার মামা আবুল হাশিম ছিলেন বাংলার প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক। পশ্চিম বঙ্গের পার্লামেন্ট স্পিকার মনসুর হাবিবুল্লাহ, কেন্দ্রীয় মন্ত্রী মাহমুদ এ জাইদীও শামীম ওসমানের আত্মীয়।

তিনি জানান, ‘গণি খান চৌধুরীও আমার মায়ের দূর সম্পর্কের আত্মীয়। তবে আমার বাবা মা ভাইরা কেউই রাজনীতিতে আসতে চাননি।  তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আমাদের জীবন পালটে দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত