গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। দুর্ঘটনায় সামান্য আঘাত পাওয়াতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই বলি অভিনেত্রীকে।
শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানায়, খোপোলি পুলিশ তদন্ত শুরু করেছে। পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।
পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনা প্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালাইকার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে ছিল। বাকি দুটি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানান পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর।
