নেত্রকোনা জেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মীর সাজেদুর রহমান ছোটনকে (২৪) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ছোটন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পৌরশহরের ছোটগাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল মালেকের ছেলে। ছোটন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কজনক অবস্থায় চিকিৎসাধীন।
ছোটনের মামাতো ভাই মো. আব্দুল্লাহ জানান, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ছোটন বাসায় ফেরার সময় তাদের বাসার গেইটের সামনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা মুখ চেপে ধরে। পরে শরীরে কোপ দিলে তা ঠেকাতে গেলে ছোটনের ডান হাতের দুটি আঙুল কেটে পড়ে যায়। দুর্বৃত্তরা তার মাথায় দুই পাশেও কোপ দেয় এবং পেটের বাম পাশে ছুরিকাঘাত করে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, রাতে ছোটগাড়া থেকে ফেরার পথে ছোটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পেছনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
