সাবসিডিয়ারিকে ঋণসীমা অতিক্রম

ইস্টার্ন ব্যাংককে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০:৫৮ পিএম

সাবসিডিয়ারি দুই প্রতিষ্ঠানকে সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করে ঋণ দেওয়ায় ব্যাংকটিকে এ জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। জরিমানার অর্থ আগামী ১৪ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে, তা না হলে ব্যাংকটির হিসাব থেকে কেটে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার জরিমানার বিষয়টি জানিয়ে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ ও ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেডকে সীমা অতিক্রম করে ঋণ দিয়েছে। একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করে ঋণ দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অনুমোদন নেয়নি ব্যাংকটি। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান ইবিএল সিকিউরিটিজ পুঁজিবাজারে শেয়ার কেনাবেচায় সুবিধা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের মার্জিন ঋণ সুবিধা ও পোর্টফোলিও বিনিয়োগ করে থাকে। আর ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড হচ্ছে ব্যাংকটির অফসোর ব্যাংকিং ইউনিট, যা ঋণপত্রে উপদেশ, রপ্তানি নথিপত্র ব্যবস্থাপনা ও রপ্তানি খাতে অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করা হয়।

গতকাল ইস্টার্ন ব্যাংকে পাঠানো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণসীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হয়নি। এ নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণসুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত