টিপ পরায় হেনস্তা

পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৬:৪৫ এএম

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারী-পুরুষ। কপালে টিপ পরায় হেনস্তার শিকার হওয়াকে নারীর প্রতি চরম অসম্মান ও ঘটনাটি খুবই উদ্বেগজনক উল্লেখ করে ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। কপালে টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করছেন মডেল, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষরা। এ ছাড়া গতকাল সোমবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নারী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি বিবৃতি দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর প্রতিবাদ : শিক্ষক হেনস্তার ঘটনায় টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরা কয়েকটি ছবি দিয়ে লিখেছেন ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী।’

পুলিশ সদস্যের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতির :  শিক্ষক ড. লতা সমাদ্দারকে হেনস্তাকারী পুলিশ সদস্যের বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, সর্বস্তরের নাগরিকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বর্তমান সরকার যেখানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সমাজের সর্বস্তরে ধর্ম-বর্ণ-লিঙ্গ ভেদাভেদ দূর করে একটি উন্নত সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে; ঠিক সে সময়ে পুলিশ বাহিনীর একজন সদস্য, যিনি নারীর নিরাপদ গমনাগমন নিশ্চিত করতে তৎপর থাকার কথা, তার কাছ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত অনভিপ্রেত।

শিক্ষক সমিতি বলেছে, আমরা মনে করি এ ধরনের অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সভ্য সমাজ ব্যবস্থা কায়েম করা কোনোভাবেই সম্ভব হবে না। একজন ব্যক্তির বেআইনি কর্মকাণ্ডের দায়ভার কোনো প্রতিষ্ঠান বহন করবে না বলে আমরা বিশ্বাস করি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সংসদেও বিষয়টি আলোচিত হয়েছে।

নারী প্রগতি সংঘ ও জনউদ্যোগের মানববন্ধন : লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও জনউদ্যোগ। যৌথ প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, এই ঘটনা সাম্প্রদায়িক আচরণের নগ্ন রূপ। সাংবিধানিকভাবেই প্রত্যেক নারী-পুরুষের নিজের পছন্দ অনুযায়ী সাজপোশাক নির্বাচনের অধিকার রয়েছে। লতা সমাদ্দারকে হেনস্তাকারী পুলিশ সদস্যকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আওতায় আনতে হবে।

প্রতিবাদ জানানো থেকে বাদ যাননি সংবাদকর্মীরাও। সংবাদকর্মী জুথি ফারহানা তার ও মেয়ের টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করে তাতে লিখেছেন ‘আমরা টিপ পরবোই। পারলে ঠ্যাকা। বহু কষ্টে দেশ পাওয়া। উড়ে এসে জুড়ে বসা না। বেইমানি করে লুটেপুটে চেটে খাওয়ার খাতায় এখনও নাম লিখানো হয়নি। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-ক্ষুদ্র নৃগোষ্ঠী এই দেশ আমাদের সবার। অনেক হয়েছে, আর না।’

প্রতিবাদ জানিয়ে বুলিংয়ের শিকার সাজু খাদেম : প্রতিবাদ জানিয়ে কপালে টিপ পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা সাজু খাদেম। একজন নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নিজেই বুলিংয়ের শিকার হচ্ছেন অভিনেতা। মনোক্ষুণœ সাজু খাদেম বলেন, ‘এসব নিয়ে কথা বলে আর কী হবে! প্রতিবাদ করার সময়ও আমাদের বুলিংয়ের শিকার হতে হয়। একজন নারীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তার পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়? কিন্তু আমার প্রতিবাদে মানুষ নানা রকম বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করে গালি দিচ্ছেন। এ ধরনের নোংরা মানসিকতা যাদের, তাদের কী করা উচিত? তারাও তো ইভ টিজার।’

এদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পুলিশ বাহিনীকে নিয়ে ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে। গতকাল এক প্রতিবাদ লিপিতে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘দেশপ্রেমিক পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপির তথাকথিত নেতাদের আপত্তিকর বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের স্বাধীনতার জন্য সহস্রাধিক পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত