বাণিজ্য সংগঠনে প্রশাসক বসাতে পারবে সরকার

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৫৭ পিএম

বাণিজ্য সংগঠনে প্রশাসক বসানোর বিধান রেখে ‘বাণিজ্য সংগঠন বিল-২০২২’ পাস করেছে সরকার। ফলে এখন থেকে প্রয়োজন হলে বাণিজ্য সংগঠনে প্রশাসক বসাতে পারবে সরকার। বিদেশি ব্যবসায়ীদের নিয়ে দেশে যৌথ বাণিজ্য সংগঠন তৈরির সুবিধাও থাকছে নতুন আইনে। গতকাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। বিলটি পাসের ফলে ১৯৬১ সালের ‘ট্রেড অর্গানাইজেশন অর্ডিনেন্স’ বাতিল হয়ে যাচ্ছে।

বাণিজ্য সংগঠনকে সরকারের কাছ থেকে সনদ ও নিবন্ধন নিতে হবে বলে বিলে শর্ত দেওয়া হয়। কোনো বাণিজ্য সংগঠন অথবা ফেডারেশনের আবেদন বা অভিযোগের পরিপ্রেক্ষিতে অথবা সরকারের নিজ বিবেচনায় কোনো নিবন্ধিত বাণিজ্য সংগঠন বা তার কোনো শাখা বা দপ্তরের কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য বা সেবা খাতের স্বার্থে সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে সরকারের কাছে প্রতীয়মান হলে এই আইনের আলোকে সরকার লিখিত আদেশ দিয়ে বাণিজ্য সংগঠনে নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদ বাতিল করতে পারবে। বাতিল করার পর এক বছরের জন্য সরকার একজন প্রশাসক নিয়োগ করতে পারবে। বিলে বলা হয়েছে, প্রতিটি জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা চেম্বার গঠনের সুযোগ থাকবে। বিলে বাণিজ্য সংগঠনে নারী উদ্যোক্তাদের লাইসেন্সের মাধ্যমে সদস্য হওয়ার আইনি ভিত্তির বিধান রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত