সিলিন্ডার বিস্ফোরণে বনানীতে মাইক্রোবাসে আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:৪৩ পিএম

রাজধানীর বনানীর মূল সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানীর কাকলী রেলস্টেশনের সামনে সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে অনেক যানবাহন ঘুরিয়ে নেন। ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পানির গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায় ঘটনাস্থলে। 

মাইক্রোবাসটি যানজটে আটকা ছিল বলে জানা গেছে।  

বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেরিয়ে আসেন। সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে গেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের আসতে সময় লাগায় মেট্রো রেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় সিটি করপোরেশনের একটি পানির গাড়ি সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। 

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই ৪টি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা বন্ধ ও যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত