অযাচিত বিতর্ক চাইছেন না ভারতের কর্ণাটকের হিজাব কন্যা মুসকানের বাবা। চাইছেন না তার মেয়ের নামের সঙ্গে জড়িয়ে যাক আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের নাম। মেয়ের ‘প্রতিবাদ’ নিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির মন্তব্যের বিরোধিতা করে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মোহাম্মদ হুসেন খান। আল-কায়েদা নেতাকে সাফ জানিয়ে দিলেন, ‘ভারতে আমরা ভাল আছি। শান্তিতে আছি। দয়া করে আমাদের ব্যাপারে নাক গলাবেন না’।
তার মেয়ের প্রতিবাদী স্বর গোটা ভারতসহ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আবার অযাচিত বিতর্কও ডেকে এনেছে। যেভাবে একদল উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে প্রতিবাদ করেছে কর্ণাটকের মুসকান, তা নজরে এসেছে বিভিন্ন ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনেরও। খোদ আল কায়েদার শীর্ষ জঙ্গি নেতা আয়মান আল-জাওয়াহিরি মুসকানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে মুসকানকে ‘ভারতের মহীয়সী’ বলে বর্ণনা করেছেন তিনি। কিন্তু মুসকানের বাবা আল-কায়েদা নেতার মন্তব্যকে অনধিকার চর্চা বলেই মনে করছেন।
জাওয়াহিরির মন্তব্য প্রসঙ্গে মোহাম্মদ হুসেন খান বলছেন, ‘আল কায়েদা নেতা যে ভিডিও প্রকাশ করেছে তাতে আমাদের কিছু এসে যায় না। আজই প্রথমবার তাকে দেখলাম আমি। তিনি আরবি ভাষায় কীসব বলছিলেন…। আমরা এখানে সৌহার্দ এবং ভ্রাতৃত্বের সঙ্গে বসবাস করি। তাই এভাবে অশান্তি না বাঁধানোই ভাল’। মুসকানের বাবার সাফ কথা, ‘যে যা খুশি বলছে। এতে অকারণ অশান্তি হতে পারে। আমরা এখানে শান্তিতে বাস করছি। আমরা চাই না কেউ আমাদের নিয়ে কথা বলুক। এটা ভুল। আসলে তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে’।
প্রসঙ্গত, বুধবারই আল-কায়েদার শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি কর্ণাটকের প্রতিবাদী তরুণীকে ‘মহীয়সী’ হিসেবে বর্ণনা করে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে ওই জঙ্গি নেতাকে বলতে শোনা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকানের কথা জানতে পেরেছেন তিনি। ভারতে মুসলিমদের প্রতি কীভাবে অন্যায় আচরণ হচ্ছে সেদিকেও নজর রয়েছে তার। আল-কায়েদা নেতার সেই মন্তব্যের প্রতিবাদেই সরব হলেন মুসকানের বাবা।
