‘ধর্ম অবমাননার’ মামলায় আটক মুন্সীগঞ্জের গণিত ও বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা।
মানববন্ধন চলাকালে আটক শিক্ষকের নিঃশর্ত মুক্তি এবং ওই ঘটনায় ‘ইন্ধনদাতাদের’ আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক পারভীন জলি বলেন, ‘শিক্ষকেরা কেমন হবে? হৃদয় মণ্ডলের মত যুক্তি দিয়ে ক্লাস করাবে, নাকি ঠিকমতো ক্লাস নেবেন না এমন শিক্ষক হবে? হৃদয় মণ্ডলের গ্রেপ্তার পূর্ব পরিকল্পিত, এখানে নিশ্চয়ই কেউ চক্রান্ত করেছে; সেটি খুঁজে বের করা হোক।’
ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, ‘গণতন্ত্রের ছিটেফোঁটাও বর্তমানে এ দেশে নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে।’
ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, ‘দেশে যেমন একদিকে ধর্মকে উসকে দেওয়া হচ্ছে তেমনি বিজ্ঞান চর্চা থেকেও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। হৃদয় মণ্ডলকে কালক্ষেপণ না করে দ্রুত মুক্তির দাবি জানাই এবং তার স্বাভাবিক শিক্ষকতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, সহ-সম্পাদক সম্পদ অয়ন মারান্ডিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত ২২ মার্চ মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয় মণ্ডলকে পুলিশ আটক করে। ওই দিন রাতে বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরদিন ২৩ মার্চ পুলিশ ওই শিক্ষককে আদালতে পাঠায়। ওই দিনই আদালত তাকে জেলহাজতে পাঠায়। গত ৪ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করে।
