দুজনকে কুপিয়ে ৬ লাখ টাকা লুট করল কিশোর গ্যাং

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯:৩৪ পিএম

ফরিদপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে ধুলদি রেলগেট বাজারে কিশোর গ্যাং হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ছয় লক্ষাধিক টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় মারাত্মক আহত মো. করিম নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সন্ধ্যায় একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বেলা ১০টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা দল বেঁধে ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সে এই হামলা চালায়।

মল্লিক ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম সেকেন জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলেন। চাবি না দেয়ায় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেন। এ সময় প্রতিষ্ঠানের মালিকের ভাই মো. করিম কিশোর গ্যাংয়ের হামলাকারীদের বাধা দিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে সেখান থেকে ৬ লাখ টাকা নিয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালী থানার এসআই জসিম ঘটনাস্থল থেকে আহত মো. করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, মেসার্স মল্লিক ট্রেডার্সে রাসায়নিক সার, কীটনাশক, রড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেল জানান, কিশোর বয়সের ১২ থেকে ১৫ জন তাদের প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে ঢোকে। এ সময় তারা ক্যাশ বাক্সের চাবি চায়। চাবি না দিলে তারা আমাকে কুপিয়ে চাবি নিয়ে যায় এবং ৬ লাখ টাকা নিয়ে যায়।

প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম আরও বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। এ গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বেশ কয়েকজনকে চিনতে পেরেছি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত