স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাধারণ ভুল সংশোধন করতেও লোকজনকে হয়রানির শিকার হতে হচ্ছে। জন্ম নিবন্ধন ইদানীং খুব ‘বার্নিং ইস্যু’ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ একটা ভুলের জন্য মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে।
গতকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তাজুল ইসলাম এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল ইসলাম, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের মহাপরিচালক পলাশ কান্তি বালা এবং দেশের সব সিটি করপোরেশনের প্রতিনিধি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
