কারখানায় ১৫ দিন ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৬:৪৩ এএম

গ্যাস সংকট মোকাবিলায় এবার শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন চার ঘণ্টা শিল্প-কারখানায় গ্যাসের ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ থাকবে বলে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে।

শিল্প শ্রেণির সব গ্রাহককে প্রতিদিন ওই সময় গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিতরণ কোম্পানিগুলোকেও বিষয়টি তদারকি করতে বলেছে পেট্রোবাংলা।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এর আগে বিকেল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ছয় ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ঈদুল ফিতর পর্যন্ত ওই নির্দেশনা বলবৎ থাকবে।

রমজান মাসের প্রথম দিন থেকেই গ্যাস সংকটে পড়ে দেশ। বিশেষ করে রাজধানীর বহু এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই ছিল না। কয়েক দিন চরম ভোগান্তির পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তখন সংকটের কারণ হিসেবে জানা গিয়েছিল, সংস্কারকাজের জন্য দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন সাময়িক বন্ধ থাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত