ডাস্টবিনে স্ত্রীর পোড়া মরদেহ, স্বামী লাপাত্তা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০২:১৩ এএম

নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ কোর্টপাড়া এলাকার একটি ডাস্টবিন থেকে জলি আক্তার (২১) নামের এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জলি ওই এলাকার আশিকউল্লাহর স্ত্রী। ঘটনার পর থেকেই তিনি লাপাত্তা। পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের জন্য ডাস্টবিনে নিয়ে আগুন ধরিয়ে দেন  আশিকউল্লাহ।

জলি ও আশিকউল্লাহর পরিবার সূত্রে জানা গেছে, জলি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরসার তলা গ্রামের আবুল কালামের মেয়ে। আশিকউল্লাহ বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে। প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরই দেশের বাইরে চলে যান আশিক। বছর দুই আগে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে বেকার জীবনযাপনের এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন আশিক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত।

জলির মা রুমি বেগম জানান, আশিকউল্লাহ অটোরিকশা কেনার কথা বলে তার মেয়েকে টাকার জন্য চাপ দিতেন। মেয়ের সুখের জন্য তিনি দুই দফায় ৬৫ হাজার টাকা দেন। কিন্তু আশিকউল্লাহ রিকশা না কিনে নেশা করে টাকা খরচ করে ফেলেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তার মেয়েকে হত্যা করেন।

আশিকুল্লাহর পরিবারের সদস্যরাও তার মাদকাসক্ত ও স্ত্রীর সঙ্গে কলহের কথা স্বীকার করেছেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে ঝগড়ার এক পর্যায়ে জলিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং পরে বাড়ির পাশে ডাস্টবিনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আশিকউল্লাহ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আশিকউল্লাহর ছোট ভাইকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত