কুতুবদিয়া পৃথক বজ্রপাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় সুশিলা দাশ (৩২) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন।
নিহতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৫৫) ও অপরজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।
শুক্রবার দুপুর ২টার দিকে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে। এ সময় সাহাব উদ্দিন (৫৫) অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক বার্গারে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় নিহত হন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র।
ওসি আরও জানান, একইদিন দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
