বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৮:০১ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে দুই সহোদরসহ বগুড়া শহরের চিহ্নিত ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করেছে।

গ্রেপ্তার ৪জন হলেন- বগুড়া শহরতলির বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩১) তার বড় ভাই মুক্তার হোসেন (৪০), একই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) এবং বগুড়া সদর উপজেলার ভাটকান্দি এলাকার নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (১৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন কালিবালা এলাকায় অন্তত ১২ জন যুবক সমবেত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গেলে ওই যুবকরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৪টি হাঁসুয়া, ৬টি বাঁশের লাঠি, দড়ি ও স্কচটেপ উদ্ধার করে।

ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুজন মিয়া জানান, গ্রেপ্তারকৃত ৪ জন ছাড়াও আরও কয়েজন যুবক ডাকাতি করার জন্য কালিবালা এলাকায় সমবেত হয়েছিল। পুলিশ তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি ছাড়াও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাকিমের নামে ৫টি, আগুনের নামে ৫টি, মুক্তারের নামে ১টি এবং রাকিবুলের নামে ১টি করে মামলা রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত