চকলেট কিনতে নদী সাঁতরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ায় ঈমান হোসেন নামে এক বাংলাদেশি কিশোরকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ঈমান হোসেন তার পছন্দের চকলেট কিনতে ভারতে অনুপ্রবেশ করেছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খালদানদী গ্রামে।
ঈমান তাদের গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া শালদা নদী সাঁতরে নিয়মিত ভারতের উত্তর-পূর্বঞ্চালীয় ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলায় আসতো তার পছন্দের চকলেট কিনতে, ওই দিনই আবার ফিরে যেত। গত ১৩ এপ্রিল একইভাবে ভারতে অনুপ্রবেশ করার পরে তাকে গ্রেপ্তার করা হয়, জানায় বিএসএফ।
সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসক (এসডিপিও) বনজ বিপ্লব দাস জানিয়েছেন, ঈমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ঈমান স্বীকার করেছে, চকলেট কিনতে সে ভারতে এসেছিল। তার কাছে বাংলাদেশি মুদ্রা ১০০ টাকা পাওয়া গেছে। সে কোনো অবৈধ কাজ করেনি, বৈধ কাগজ ছাড়া ভারতে অনুপ্রবেশ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিপ্লব দাস আরও বলেন, অধিকতর তদন্ত করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হবে। এখনো তার পরিবারের পক্ষ থেকে কেউ ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি।
