রাশিয়ায় থাকা বিদেশি কোম্পানিগুলোর প্রায় দুই লাখ কর্মী চাকরি হারাতে পারেন। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন গতকাল সোমবার এ আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে এমনটা হতে পারে। সার্গেই সোবিয়ানিন এক ব্লগ পোস্টে বলেছেন, ‘আমাদের হিসাবে প্রায় দুই লাখ লোক কাজ হারানোর ঝুঁকিতে আছেন।’ কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তার জন্য গত সপ্তাহে কর্র্তৃপক্ষ ৪ কোটি ১০ লাখ ডলার অনুমোদন দিয়েছে। সোবিয়ানিন বলেন, প্রথমত বিদেশি প্রতিষ্ঠানগুলো যারা অস্থায়ীভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে বা রাশিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানকার কর্মীদের লক্ষ্য করে এ প্রকল্প নেওয়া হয়েছে। চাকরি হারিয়েছেন এমন ৫৮ হাজারের বেশি মানুষ নতুন অনুমোদিত প্রকল্পটির মাধ্যমে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার মানুষকে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পর শত শত প্রতিষ্ঠান, বিশেষ করে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্থগিত বা রাশিয়া থেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্যে তেমন একটা প্রভাব না পড়লেও, বিদেশি বিনিয়োগগুলো ক্ষতির মুখে পড়েছে।
×
