কৃষিপণ্যে রপ্তানি ভর্তুকিতে লাগবে কাস্টমসের প্রত্যয়ন

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:১৯ পিএম

শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে ভর্তুকি বা প্রণোদনা পেতে হলে এখন থেকে অবশ্যই কাস্টমস কর্র্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র লাগবে। যেসব রপ্তানিকারক এই প্রত্যয়নপত্র জমা দেবেন না তাদের প্রণোদনা না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রপ্তানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্র্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের বিষয়টি নিশ্চিত করতে হবে। সার্কুলার জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি খাতে রপ্তানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যে বর্তমানে ২০ শতাংশ রপ্তানি ভর্তুকি দিচ্ছে সরকার। ২০০৫ সাল থেকে এই ভর্তুকি বলবৎ রয়েছে। তবে খাত সংশ্লিষ্টদের দাবি ছিল এই ভর্তুকি বাড়িয়ে ৩০ শতাংশ করা হলে শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণ কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। তবে সেই দাবি এখনো বাস্তবায়ন করেনি সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত