ইফতারের ‘ভিআইপি’ টেবিল থেকে উঠিয়ে দেওয়া হলো সাংবাদিকদের!

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম

‘এখানে বসছেন কেন, এখানে ভিআইপিরা বসবে। বসলেই কি খাওন (খাবার) পাওয়া যাইব। উঠেন, বের হয়ে যান’। কথাগুলো একজন শিক্ষকের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এভাবেই অশোভন আচরণ করে ইফতার অনুষ্ঠান থেকে সাংবাদিরকে বের করে দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠানে নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুমে এ ঘটনা ঘটে। ওই শিক্ষক হলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ইকবাল। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। 

জানা যায়, আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমন্ত্রণে স্থানীয় ১০-১২ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ এবং ইফতার করতে সেখানে যান। দোয়া শেষে ইফতারের আগ মুহূর্তে দুজন আওয়ামীলীগ নেতা সাংবাদিকদের ইফতার করার জন্য শিক্ষক রুমে গিয়ে বসতে বলেন। সাংবাদিকরা শিক্ষক রুমে গিয়ে বসেন। ওই রুমে টেবিলের ওপর ইফতার সাজানো ছিল। রুমে তখন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন। কিন্তু টেবিলে বসা নিয়ে তারা সাংবাদিকদেরকে কিছু বলেনি। সাংবাদিকরা যখন ইফতার করার জন্য শেষ মুহূর্তের অপেক্ষায় এমন সময় হঠাৎ করে শিক্ষক কাজী মো. ইকবাল ওই রুমে প্রবেশ করেন। কাউকে কিছু জিজ্ঞেস না করে সাংবাদিকদের উদ্দেশ্য চোখ রাঙিয়ে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘এখানে বসছেন কেন, এখানে ভিআইপিরা বসবে। বসলেই কি খাওন (খাবার) যাইব। ওঠেন, বের হয়ে যান’।

সাংবাদিকরা তখন শিক্ষকের এ আচরণের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে যান। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা অনুরোধ করে কয়েকজন সাংবাদিককে টেনে ইফতার টেবিলে ফিরিয়ে নিয়ে যান। বাকিরা ইফতার না করে চলে যান।

জানতে চাইলে অনুষ্ঠানে যাওয়া সাংবাদিক হান্নান খাদেম, মহিউদ্দিন মিশু, জালাল হোসেন মামুন মোহাম্মদ আবিরসহ অন্যরা বলেন, ইফতার আয়োজক কমিটির নেতাদের পরামর্শে ইফতার করতে নির্ধারিত রুমে গিয়ে বসেছিলাম। হঠাৎ করে ইকবাল মাস্টার এসে উত্তেজিত ভাষায় অসৌজন্যমূলক আচরণ করে আমাদের বের হয়ে যেতে বলেন। একজন শিক্ষকের এমন ব্যবহারে আমরা বিস্মিত।

এ ব্যপারে জানতে চাইলে শিক্ষক কাজী মো. ইকবাল বলেন, ‘আমার ভিআইপি মেহমানরা আসবে, চেয়ারগুলো ছেড়ে দেন’। সাংবাদিকদের উদ্দেশ্যে আমার কথাগুলো এমনই ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত