আহতদের দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:০৪ এএম

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিক্ষার্থী রজব রায়হান ও কানন চৌধুরীর শারীরিক অবস্থান খোঁজ-খবর নিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে আইসিইউতে গিয়ে চিকিৎসাধীন কানন চৌধুরীর খোঁজখবর নেন। পরে ওয়ার্ডে ভর্তি থাকা রজব চৌধুরী নামে আরো এক শিক্ষার্থীর খোঁজখবর নেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে।

এ ছাড়া আইসিইউর লাইফ সাপোর্টে থাকা মোরসালিন ও অন্যান্য আহতদেরও খোঁজখবর নেন। তাদের স্বজনদের সাথে কথা বলেন। হাসপাতালে দুই ছাত্র চিকিৎসাধীন থাকলেও তারা শঙ্কামুক্ত।

এ সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা মেডিকেলে দুজন শিক্ষার্থী ভর্তি আছে। তারা ভালো আছে। দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সংঘর্ষ হলো অবাঞ্ছিত ঘটনা। নিউমার্কেটে নিজেদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। কী করে ঢাকা কলেজ জড়িয়ে গেল। সেটা দুঃখজনক।

মন্ত্রী বলেন, নাহিদ নামে একজন পথচারী মারা গেছে। কাজে যাবার সময় আহত হয়েছিলেন। তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। রুটি -রুজির জন্য কর্মস্থলে যাচ্ছিল সে। স্বরাষ্টমন্ত্রীসহ সাত কলেজের উপাচার্যের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীরা ঈদের ছুটিতে চলে যাবে। ব্যবসায়ীরাও কাজে ফিরে যাবে। শান্তিপূর্ণভাবে কাজ করবে।

মন্ত্রী বলেন, তদন্ত করে দেখা হবে কী উদ্দেশ্যে এটা হলো। যারা অরাজকতা সৃষ্টি করতে সক্রিয় হয়েছে। তাদের অবশ্যই সনাক্ত করা হবে। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গতকাল (সোমবার) পুলিশ ঘটনাস্থলে ছিল। আজকে পুলিশ পরে গেছে। কেন এটা হয়েছে, তারও তদন্ত করে দেখা হবে। যারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত