চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় দুপক্ষের দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় দেন।
দণ্ডিতরা হলো মো. আজম, আলী আজগর হৃদয়, ওমর উদ্দিন, ফারুক প্রকাশ আশিক, শওকত হোসেন, আশরাফুল আলম সুমন ও মো. পারভেজ। এদের মধ্যে আশরাফুল ও পারভেজ পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর ৫ নম্বর ওয়ার্ডের জমাদরপাড়া এলাকায় মামুনুর রশিদ মামুন (২৬) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আবদুল আজিজ (২৩) নামে আরেক যুবক। নিহত মামুন ওই এলাকার আবু তাহেরের ছেলে। ঘটনার এক দিন পর নিহত মামুনের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মামুনকে পরিকল্পিতভাবে খুন করা হয়।
