সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ওপর থেকে পুঁজিবাজারে বিনিয়োগের শর্ত শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এতদিন তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ৫ শতাংশের বেশি শেয়ারে বিনিয়োগের আইসিবির ওপর বিধিনিষেধ ছিল। কিন্তু এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএস৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোতে ইচ্ছেমতো বিনিয়োগ করতে পারবে আইসিবি। গত ২০ এপ্রিল ভালো কোম্পানির শেয়ারে ইচ্ছেমতো বিনিয়োগের ক্ষেত্রে এ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে এসইসি।
জানা গেছে, স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বাড়াতেই বিধিনিষেধ শিথিল করেছে এসইসি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশের পুঁজিবাজারে পর্যাপ্ত ক্রেতার অভাবে সূচক ও লেনদেন কমে যায়। এ সময় ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীর পাশাপাশি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে যায়। লেনদেন নেমে আসে ৪০০ কোটি টাকার নিচে। এমন পরিস্থিতিতে আইসিবির মাধ্যমে পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল থেকে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এ ক্ষেত্রে কোনো কোনো কোম্পানিতে আইসিবির বিনিয়োগ ৫ শতাংশ বা এর কাছাকাছি থাকায় জটিলতা তৈরি হয়। বিধিনিষেধের কারণে সূচকে প্রভাব রাখা সব কোম্পানিতে আইসিবি চাইলেও বিনিয়োগ করা যায়নি। এমন পরিস্থিতিতে গত ২০ এপ্রিল ডিএস৩০ সূচকে থাকা কোম্পানিগুলোতে ইচ্ছেমতো বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, যেসব কোম্পানি লেনদেনে শীর্ষে রয়েছে।
