বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫:০৯ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাছ চুরির অভিযোগ দিয়ে সুমন মিয়া (২৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ভাতছালা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন উপজেলার ছয়ঘট্টি বেলওয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গত শনিবার রাতে তিনজনের নামে ঘোড়াঘাট থানায় অভিযোগ দেন সুমনের বড় ভাই সাইফুল  ইসলাম। অভিযুক্তরা হলেন ভাতছালা গ্রামের শাহারুল ইসলাম (৪৫), মোস্তাফিজুর (৩২) ও তাঁতিপাড়া-বেলওয়া গ্রামের ফারাজ আলী (৫৫)।

সাইফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট মাছ ধরার জাল ধানক্ষেতে টানিয়ে দিয়ে আসে সুমন। পরদিন ভোরে মোবাইল ফোনের আলো জে¦লে জাল তুলতে যায় সে। এ সময় অভিযুক্তরা জমি থেকে তাদের খোলসানি (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ হারানোর মিথ্যা অভিযোগ দিয়ে সুমনকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করেন। খবর পেয়ে তাকে উদ্ধার করি।’

তিনি বলেন, ‘আমরা খুবই গরিব। দিন আনি দিন খাই। আমার ছোট ভাই বুদ্ধিপ্রতিবন্ধী। ছোটবেলায় প্যারালাইসিস হওয়ায় বর্তমানে তার বাম পায়ে শক্তি কম। এমন একজনকে যারা নির্যাতন করেছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, স্থানীয় ইউপিসহ সুমনের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত