জেমস আনজুসের নতুন বই ‘গহিনের মুখোমুখি’

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৪:১৫ পিএম

‘গহিনের মুখোমুখি’ কাব্যগ্রন্থের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে নতুন এক কবির সাথে আমাদের পরিচয় ঘটতে যাচ্ছে। যার কবিতার প্রধান অনুষঙ্গ মানুষ, এবং খুব তীব্রভাবে। জীবনকে বহুবিধ অবস্থান থেকে গভীরতম পর্যবেক্ষণ তার কবিতায় দেখা যায়। তার কবিতায় মানব জীবনের শ্রেণি-সংঘাতের সাথে প্রেম ও প্রেরণার বিচিত্র উপস্থাপন আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়। আবেগ এবং চিন্তার রসায়নে সচেতন বোধ প্রবল ভাবে প্রকাশ পেয়েছে প্রতিটি কবিতায়। মানুষের মিছিলে মিশে যাওয়া এবং অনাগত ভবিষ্যৎ নির্মাণে কবিতা যে অন্যতম প্রধান হাতিয়ার, সেই আওয়াজ জেমস আনজুসের কবিতায় শুনতে পাই। কবির শিল্পদর্শন ও লেখনশৈলী তার কবিতাকে করেছে অনন্য।

গহিনের মুখোমুখি বইটিতে মোট ৪৭ টি কবিতা রয়েছে। প্রচ্ছদ করছেন খ্রীষ্টফার অপূর্ব দেছা। প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। বইটির মূল্য ১২০ টাকা।

৫ জুলাই ১৯৮৫ খ্রিষ্টাব্দে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোলাশীকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন জেমস আনজুস। গ্রামে ক্লাবের ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর বিভিন্ন লিটল ম্যাগ, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তার কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এটি তার প্রথম কাব্যগ্রন্থ।

ছাত্র অবস্থায় বিভিন্ন ছাত্র সংগঠনের ম্যাগাজিন সম্পাদনা করেছেন। তার মধ্যে - উদ্যোগ, মঞ্জরি এবং অনল উল্লেখযোগ্য। কথা কবিতা আবৃত্তি সংগঠন হতে কবিতার খোঁজে ২০১৭ প্রতিযোগিতায় সেরা দশ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া ছাত্র সংঘ ত্রিবেণী হতে কবিতায় পুরস্কৃত হয়েছেন। তিনি বর্তমানে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত