রাজধানীর ডেমরা ডগাইর এলাকায় ইট ভাঙার গাড়ি উল্টে আকাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গাড়ির শ্রমিক ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি চাঁদপুর। বাবার নাম মো. ফারুক। ডেমরা স্টাফ কোয়ার্টার আমতলা আদর্শ রোডে পরিবার নিয়ে থাকতেন।
গাড়িটির চালক মো. খুশচান জানান, তারা ডগাইর থেকে ইট ভাঙানোর গাড়ি নিয়ে বোর্ডমিল এলাকায় যাচ্ছিলেন। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল খুশচান আর বসা ছিল আকাশ। পথে সামনের দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে দিয়ে তাদের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে খুশচানের তেমন কিছু না হলেও গুরুতর আঘাত পায় আকাশ।
সহকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। ভর্তি করার পর চিকিৎসাধীন সন্ধ্যায় আকাশ মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
