সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা আইসিটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
মঙ্গলবার সকালে হাইকোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেন ও এসএম মুজিবুর রহমানের আদালত শুনানি শেষে ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এর আগে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
বিচারকের বরাত দিয়ে তিনি জানান, শুনানিকালে বিচারক বলেছেন যে বিষয়টি নিয়ে আইসিটি আইনে মামলা করা হয়েছে, এটি মামলাই হয় না। পরে ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এ সময়ে হাইকোর্টে অ্যাডভোকেট খোকন সাহার পক্ষে জামিন শুনানিতে নারায়ণগঞ্জের শতাধিক আইনজীবী এবং নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেওভোগ এলাকার কয়েকশত বছরের প্রাচীন জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। এটি লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দিরের অংশ। বাংলাদেশের কোনো আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রয়ের কোনো নিয়ম না থাকলেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবারের সদস্যরা নিজেদের নামে পুকুরটি লিখিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জে আন্দোলন চলছে। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট খোকন সাহা।
গত বছরের ৪ জানুয়ারি ধর্মীয় অপপ্রচার ও উসকানির অভিযোগ এনে খোকন সাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
