নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের আত্মসমর্পণের আদেশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৭:৩৪ পিএম

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজছাত্রদের সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতা কর্মী।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

জামিনের মেয়াদ শেষে তাদের অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাইকোর্ট।

জামিন পাওয়া নেতা কর্মীরা হলেন- আমীর হোসেন আলমগীর, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, বিল্লাল, মনির, জুলহাস, বাবুল ও মিজান।

বিএনপির নেতা কর্মীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

গত ১৮ এপ্রিল দিবাগত রাতে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন ১৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ ও দোকান কর্মচারী মোরসালিন গুরুতর আহত হওয়ার পর দুজন ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনের মৃত্যুর ঘটনায় দুটি হত্যা মামলা করে তাদের পরিবার। ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইন, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও দাঙ্গা সৃষ্টির অভিযোগের ধারায় দুটি মামলা করে। এ ছাড়া সংঘর্ষের সময় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় আরেকটি  মামলা হয়। এর মধ্যে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুরের  অভিযোগে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ ২৪ জনকে আসামি  করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, ‘মামলার আসামিদের মধ্যে মিন্টু নামে একজন যুবদল নেতা দুই বছর আগে মারা গেছেন। আর ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিপু গত চার বছর ধরে জাপানে রয়েছেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা হয়েছে। আজ (গতকাল) ১৪ জন হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমেদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট ১৪ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। জামিনের এ মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে আদালত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত