পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন চীনের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবারের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে বিস্ফোরণটি ঘটে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে এক টেলিফোন কলে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেন প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক মুস্তাক আহমেদ মাহার।
মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক হ্যান্ডআউটে দুপুর প্রায় আড়াইটায় একটি মাইক্রোবাসে বিস্ফোরণটি ঘটেছে বলে জানানো হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়টির একজন মুখপাত্র নিহতদের মধ্যে তিনজন চীনের নাগরিক বলে নিশ্চিত করেন। তারা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং এবং চেন সা। নিহত অন্যজন গাড়িটির চালক পাকিস্তানি নাগরিক খালিদ। এ ঘটনায় চীনের আরেক নাগরিক ওয়াং উকিং ও পাকিস্তানি নাগরিক হামিদ আহত হয়েছেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
এর আগে করাচির (পূর্ব) এসএসপি সৈয়দ আবদুল রহিম সিরাজিও বিস্ফোরণে চীনের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।
