বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেল চারটা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ বিকেল সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।
২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা এম এ মান্নান। মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় দুই বছরের মতো কারাগারে ছিলেন এম এ মান্নান। ২০১৭ সালে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই নানা রোগে ভুগতে শুরু করেন এই বিএনপি নেতা।
