মহান মে দিবস আজ

আপডেট : ০১ মে ২০২২, ০৯:০৭ এএম

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতি বছর মে মাসের ১ তারিখে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

এবারে ‘মে দিবসের’ প্রতিপাদ্য, ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। সব সেক্টরে শ্রমিকদের বেতনভাতা বাড়ানো হয়েছে। 

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটিকে উপলক্ষে বিবৃতি দিয়েছে। আজ সরকারি ছুটি। ঈদের ছুটিতে রাজধানীর বেশিরভাগ মানুষ গ্রামে চলে যাওয়ায় দিবসটিকে ঘিরে নগরীতে নেই তেমন কোনো সাংস্কৃতিক আয়োজন।

তবে দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৮১ সাল থেকে আরণ্যক নাট্যদল প্রতিবছর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মে দিবস পালন করে আসছে। গত দুই বছর করোনা মহামারীর কারণে অনলাইনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করে আরণ্যক।

এ বছরও অনলাইনে ‘মে দিবস’ উপলক্ষে অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন আরণ্যকের সদস্য অপু মেহেদী।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার সকাল ১০টায় অনলাইনে প্রিমিয়ার হবে আরণ্যকের মে দিবসের অনুষ্ঠানের। সামনের মে দিবস থেকে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মে দিবস পালন করতে পারব বলে আমরা আশা করছি।’

এছাড়া ‘মে দিবস’ উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।  ‘মে দিবসের’ ইতিহাস থেকে জানা যায়, শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে ইউরোপ-আমেরিকার কারখানাগুলোতে নিজেদের ইচ্ছেমতো শ্রমিকদের কাজ করাতেন মালিকরা। এমনকি তাদের ন্যায়সংগত শ্রমের মূল্যও দেওয়া হতো না।

এসবের প্রতিবাদে আন্দোলনে নামে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে সাড়া দিয়ে শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হন লাখো শ্রমিক। শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে পুলিশ গুলি চালালে ১০ জন শ্রমিক প্রাণ হারান। হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত