দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় তারা।
সমাবেশে শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- ৮ ঘণ্টা কর্মদিবস, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ন্যায্য মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা।
সমাবেশে ফেডারেশনের সহসভাপতি মানস নন্দী বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়ছে। শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে তারা চলতে পারেন না। তাই তাদের ওভারটাইম করতে হয়। শ্রমিকেরা যেন ওভারটাইম করা ছাড়াই চলতে পারেন, সে জন্য ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করতে হবে।
ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম বলেন, ঈদে সামনে এখনো বেশ কিছু গার্মেন্টসের কর্মী বেতন-ভাতা পাননি।
যানবাহন, হোটেলসহ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কোনো খাতেই কর্মঘণ্টা ৮ ঘণ্টা শ্রমের ব্যবস্থা নেই এবং এর ব্যবস্থা করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের অর্থ সম্পাদক রাজু আহমেদ।
