কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) ।
বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আক্তার হোছন, মো. হাসান, মোহাম্মদ নুর, সাইফুল রহমান, নুরুল আমীন, শাহিন, মো. ইলিয়াস, মো. রফিক, খাইরুল আমীন, মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ ১০ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
