পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১১ মে বুধবার আবেদন গ্রহণ শুরু হবে, যা ১৮ মে পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুনর্মূল্যায়ন ছাড়া) ১৬ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ৮৩ পয়সা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৬ পয়সা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। গত ১ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
