কলেজছাত্রীকে নিজ বাড়িতে ধর্ষণের পর হত্যা

আপডেট : ০৮ মে ২০২২, ০২:৪৪ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ি থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সকালে আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রাম থেকে আয়েশা ছিদ্দিকা (২২) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতের কোনো একসময় ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

নিহত আয়েশা ছিদ্দিকা জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী এবং মাঝিনা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

পুলিশ, গ্রামবাসী ও নিহত তরুণীর স্বজনরা জানায়, ঈদের পরদিন গত বুধবার আয়েশা ছিদ্দিকাকে বাড়িতে রেখে তার ভাই ভাবিসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরে গত শুক্রবার সকালে প্রতিবেশী কয়েক নারীর সঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যান আয়েশা। সেখান থেকে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন। বাড়িতে কেউ না থাকায় পাশের বাড়ির বাসিন্দা চাচাতো ভাইয়ের দুই মেয়েকে ডেকে এনে নিজ ঘরে শুয়ে পড়েন আয়েশা। পরে রাত ১১টার দিকে ভাতিজিদের ওই ঘরে রেখে মোবাইল ফোনে কথা বলতে পাশের ঘরে যান। এরইমধ্যে ভাতিজিরা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর ভাতিজিরা ঘর থেকে বের হতে গিয়ে দরজা বাইরে থেকে আটকানো পান। তারা ডাকাডাকি করলে পাশের বাড়ি থেকে তাদের মা (আয়েশার ভাবি) এসে দরজা খুলে দেন। তখন আয়েশার ভাবি পাশের কক্ষের দরজা খোলা দেখে সেখানে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি মুখে কাপড় গোঁজা ও বিবস্ত্র অবস্থায় আয়েশার মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় এক বা একাধিক ব্যক্তি বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের পর আয়েশাকে হত্যা করে পালিয়ে যায়।

আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু জানান, ধর্ষণের পর হত্যার শিকার আয়েশার বাবা মাঝিনা বাজারে ধান-চালের ব্যাবসা করতেন। ব্যবসায় লোকসানের কারণে ঋণখেলাপি হয়ে ব্যাংকের করা মামলায় বর্তমানে কারাবন্দি।

চেয়ারম্যান বলেন, ‘দরিদ্রতার কারণে মেয়েটি (আয়েশা) নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালাত। মেয়েটি খুব ভালো ছিল। এমন হতে পারে যে, মেয়েটি ধর্ষণের সময় ধর্ষককে চিনতে পারায় তাকে হত্যা করা হয়েছে।’

পাঁচবিবি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম দেশ রূপান্তরকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটিকে (আয়েশা) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যাবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : পটুয়াখালীর কলাপাড়ায় বেল্লাল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ দুজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম দেশ রূপান্তরকে বলেন, ‘গৃহবধূর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারেরও সর্বোচ্চ চেষ্টা চলছে।’

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন জয়পুরহাট ও পটুয়াখালী প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত