দুই সিনেমা নিয়ে শীর্ষে পূজা চেরি

আপডেট : ০৮ মে ২০২২, ১০:৪৫ পিএম

শাবনূরের স্বেচ্ছা কর্মবিরতিতে ঢালিউডের শীর্ষ নায়িকা হয়ে ওঠেন অপু বিশ্বাস। তিনি মূলত শীর্ষ নায়ক শাকিব খাননির্ভর নায়িকা ছিলেন। তাই ‘ঢালিউড কুইন’ উপাধি পেলেও সব মহলের দর্শকের কাছে তার সেই গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। এরপর ঝলক দেখান মাহিয়া মাহি। এই নায়িকা হয়ে ওঠেন ঢালিউডের মুকুটহীন রানী। প্রবল সম্ভাবনা তৈরি করেন পরীমণি ও বিদ্যা সিনহা মিম। আলোচনা কম হয়নি নুসরাত ফারিয়াকে নিয়েও। কিন্তু প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে সবার চেয়ে বয়সে ছোট পূজা চেরী। চলচ্চিত্রে নায়িকা ক্যারিয়ার অল্প দিনের। কিন্তু এরই মধ্যে তিনি এগিয়ে গেছেন সবার থেকে। প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়েই দর্শকের রায়ে জিতে নেন দেশের অন্যতম প্রধান তারকা জরিপ পুরস্কারের সেরা অভিনেত্রীর খেতাব। এরপর যে ছবিই করেছেন, কেউ বলেননি পূজার অভিনয় খারাপ! ছবিগুলো ব্যবসায়িকভাবেও যে একেবারে মুখ থুবড়ে পড়েছে, সে কথাও কেউ বলতে পারবে না। তবে বড় দাওটা পূজা মারলেন ঈদের বাজারে!

একই সঙ্গে নায়িকা দুই দুটি বড় বাজেটের ছবি নিয়ে হাজির। বিপরীতে দেশের শীর্ষ নায়ক শাকিব খান আর তরুণ প্রজন্মের হার্টথ্রব নায়ক সিয়াম আহমেদ। ঈদে মুক্তি পাওয়া চারটি ছবির দুটি আগেই দর্শকের রায়ে ছিটকে গেছে। যে দুটি টিকে আছে সেই দুই ছবি ‘গলুই’ ও ‘শান’-এর নায়ক আলাদা হয়েও নায়িকা একজনই পূজা চেরী। তাই ঈদের সবচেয়ে লাভবান তারকা এই নায়িকা। এরই মধ্যে চলচ্চিত্রপাড়ায় শোনা যাচ্ছে, এই মুহূর্তে পূজাই ঢালিউডের শীর্ষ নায়িকা। বিষয়টি নিয়ে এই নায়িকা কী ভাবছেন? জানতে চাইলে পূজা বলেন, ‘আমি নম্বর ওয়ানের এই খেলায় বিশ্বাস করি না। তবে আমার একার বিশ্বাসে কিছু যায় আসে না। দর্শক-সমালোচক কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেন। তারা যদি আমাকে শীর্ষ অবস্থানের যোগ্য মনে করেন, আমি তা শ্রদ্ধাভরে মাথা পেতে নেব।’ তবে তিনি এও বলেন, ‘আমি নিজেকে নম্বর ওয়ান হিসেবে দেখব বলে অভিনয়ে আসিনি। তবে অবশ্যই এটি চেয়েছি, আমার কাজ এমন পর্যায়ে যাক, যাতে দেশের আনাচে কানাচের মানুষ পূজা চেরী নামটি শুনলেই একবাক্যে চিনতে পারে। যেমনটি পেরেছেন শাবনূর ম্যাডাম। এখনো সেই লক্ষ্য পূরণের অনেক বাকি। আমি শুধু সততার সঙ্গে কাজ করতে চাই। সবাইকে এই যাত্রায় পাশে চাই। সবার সহযোগিতা ছাড়া আমার চেয়ে মেধাবী মানুষও শোবিজে কিছু করতে পারবে না।’

ঈদের ছবির দর্শক সাড়া নিয়ে পূজা দেশ রূপান্তরকে বলেন, ‘আমি সত্যি ভাগ্যবান। দুটি ছবি মুক্তি পাচ্ছে জেনে খানিকটা চিন্তিত ছিলাম। কারণ আড়াইটা বছর করোনার জন্য আমরা যে পরিস্থিতি পার করেছি তাতে এ সময়ে কেউ সিনেমা হলে এসে ছবি দেখবে কি-না আমি সংশয়ে ছিলাম। কিন্তু আমার প্রতি দর্শকের ভালোবাসার গভীরতা আমাকেই চমকে দিয়েছে। এই তিন বছরে সিনেমা ইন্ডাস্ট্রির হাল দেখে যে হতাশা, গ্লানি কাজ করছিল মনে, তার চেয়ে কয়েকগুণ বেশি আনন্দ ফিরে পেয়েছি দর্শকের ভালোবাসায়। ‘গলুই’ ও ‘শান’ দুটি ছবিই দর্শক আপন করে নিয়েছেন। প্রতিটি শোই বলতে গেলে হাউজফুল। আমাকে কাছে পেয়ে দর্শকের চোখে যে আনন্দচ্ছটা, সেটি আমাকে তৃপ্ত করেছে।’

গত শনিবার মধ্যরাতে জামালপুরের হল ভিজিট করে ঢাকা ফেরেন পূজা। ঈদে সব তারকারা যখন ছুটি কাটাচ্ছেন তখন একটু বসে থাকার ফুরসত পাননি সদ্য এইচএসসি পাস করা এই নায়িকা। ঈদের দিন থেকেই ছুটেছেন একের পর এক সিনেমা হলে। কারণ দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকা দুটো ছবির নায়িকাই যে তিনি। যদিও ‘শান’-এর প্রচারণায় তাকে কম দেখা গেছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি চেষ্টা করেছি দুটি ছবির প্রচারণাতেই সমানভাবে সময় দিতে। কিন্তু গলুই-এ যদি আমাকে বেশি দেখা গিয়ে থাকে, তবে বলব এই ছবির নায়ক এখনো আমেরিকায়। সশরীরে প্রচারণা চালানোর আর কেউ নেই। তাই আমি যতটি সম্ভব চেষ্টা করেছি আমার ছবির নাম দর্শকের মধ্যে পৌঁছে দিতে। আর শানের নায়ক তো নিয়মিত প্রচারণা করছেনই। তবে আমি চেয়েছি দুটি ছবিই যেন ভালো চলে। এতে আমার পাল্লাই ভারী হবে।’

সিয়াম আর পূজা জনপ্রিয় জুটি। কিন্তু শাকিব খানের সঙ্গে বয়সের অনেক পার্থক্য থাকায় অনেকে নেতিবাচক কথা বলেছেন। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি এই কথাগুলো আগে বলিনি। দেশ রূপান্তরের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা সিনেমায় শাকিব খান বা পূজা চেরীকে কেন খুঁজবেন। আমাদের চরিত্রে মালা আর লালুকে দেখবেন। সেই চরিত্রে আমরা মানাচ্ছি কি-না সেটিই বড় কথা। শিল্পীর কাজই তো একটি মানুষ হয়ে নানা ধরনের মানুষকে পর্দায় জীবন্ত করে তোলা। ভালো শিল্পী হলে বয়স, শারীরিক গঠন কিছুই বাধা হতে পারে না। ছবি দেখার পর ঠিকই দর্শক মুগ্ধ হয়েছেন। শুধু শুধু আগ বাড়িয়ে কেউ কেউ নেতিবাচকতা ছড়িয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত