শ্রমিক নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাদা চামড়া দেখলেই কিছু শ্রমিক নেতা নালিশ করতে পছন্দ করেন। আমি জানি না এই মানসিক দৈন্যটা কেন বা এর সঙ্গে কি অন্য কোনো স্বার্থ জড়িত? কোনো দেনা-পাওনার ব্যবস্থা আছে? আমাদের সমস্যা তো আমরাই সমাধান করতে পারি। সমস্যা হলে আমাদের কাছে আসবেন।’
গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিদেশিদের কাছে নালিশের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে কোনো সমস্যা হলে, অন্তত আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, আমি যতক্ষণ ক্ষমতায় আছি, অন্তত এই নিশ্চয়তা দিতে পারি, যেকোনো সমস্যা সমাধান করতে পারি আমরা নিজেরা। আমি এটা বিশ্বাস করি, আমাদের দেশের মালিক-শ্রমিক তারা নিজেরা বসে আলোচনা করে সমস্যা হলে সমাধান করবেন। আমরা নিজের দেশের বিরুদ্ধে বা নিজের দেশের সম্পর্কে অন্যের কাছে কেন কাঁদতে যাব, বলতে যাব? আমরা তো এটা চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমাদের সব উন্নয়ন প্রকল্প একসময় বিদেশি অনুদানে বা বিদেশি সহযোগিতায় নির্ভরশীল ছিল, আজ আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ ভাগ আমরা নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করে যাচ্ছি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে পদ্মা সেতু নিজেদের অর্থায়নে নির্মাণ করা। যদি এটা করতে পারি তাহলে বাংলাদেশ কেন পারবে না?’
সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবে। সেই পরিকল্পনা আমি দিয়ে যাচ্ছি ২০৪১-এ বাংলাদেশ কেমন হবে। ২১০০ সালে কেমন উন্নত হবে এই বদ্বীপ, সেই পরিকল্পনা করে আমরা তারই ভিত্তিতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। পরে একের পর এক যারাই ক্ষমতায় আসুক তারা যদি এটা অনুসরণ করে এই বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।’
তিনি আরও বলেন, ‘কভিড-১৯ আমরা মোকাবিলা করেছি, পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। আমরা পারি করতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না। ২১ বছর অন্ধকারে ছিলাম। আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত অন্ধকারে ছিলাম। কিন্তু ২০০৯ থেকে যে আলোর পথে যাত্রা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের সব শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তাদের কল্যাণ হোক সেই কামনা করি।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সব সময় জনগণের জন্য কাজ করে, জনগণের জন্যই কাজ করবে। আমি মনে করি আমাদের দেশকে উন্নত করতে হলে এই শ্রমিক শ্রেণির অবদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শ্রমিক-মালিক উভয়েই সুসম্পর্ক বজায় রেখে চলবেন। সেটাই আমি চাই। শ্রমিক-মালিকের মধ্যে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে কখনো উন্নয়ন হয় না।’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের ওপর একটি ভিডিওচিত্র পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ১০ শ্রমিক পরিবারের মধ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেকও বিতরণ করেন।
