মাত্র এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইসরাফিলকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ইসরাফিলের মা, চাচাতো ভাইসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল রবিবার দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ একই পরিবারের তিনজনকে আটক করে। ইসরাফিল ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে। তার ঈশান নামে ১০ মাস বয়সী এক সন্তান রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, হানিফ ও প্রতিবেশী মোক্তল হোসেনের জমি নিয়ে আদালতে মামলা চলছে। গতকাল দুপুরে মোক্তলের ছেলে সজিব, বোন নাসরিন, আইরিন ও মা রহিমা বেগম ওই জমিতে খড়ের গাদা দিতে যান। এ সময় ইসরাফিল ও তার ভাই সালমান বাধা দেন। এক পর্যায়ে সজিব ধারালো অস্ত্র দিয়ে ইসরাফিলের ঘাড় ও মাথায় আঘাত করে। ইসরাফিলের চিৎকারে চাচাতো ভাই রামীম, মা রিনা বেগম ও চাচি আয়েশা বেগম এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। ইসরাফিলের নিহতের খবর জানাজানি হলে গ্রামবাসী মোক্তল হোসেন, তার মেয়েসহ তিনজনকে ধরে পুলিশে দেন। সজিবকে ধরতে অভিযান চলছে ও মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন ইসরাফিলের মা রিনা বেগম বলেন, ‘আমি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সজিব আমার ছেলেকে কোপাচ্ছে। চোখের সামনে তারা আমার কলিজার টুকরোকে হত্যা করল। আমি তাদের বিচার চাই।’
আহত রামীম বলেন, ‘সজিবদের খড়ের গাদা নির্মাণে বাধা দেওয়ার আগেই বিষয়টি আমরা পুলিশকে জানাই। পুলিশ আসার আগেই তারা ইসরাফিলকে হত্যা করে।’
