বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত

আপডেট : ১২ মে ২০২২, ০২:৩০ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব হ্যাঙ্গারে দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষে ক্ষয়ক্ষতির ঘটনায় সংস্থাটির এক প্রধান প্রকৌশলীসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল গতকাল বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বরখাস্ত হওয়া পাঁচজন হলেন বিমানের প্রধান (প্রিন্সিপাল) প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।

এর আগে গত সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে হ্যাঙ্গারে সংঘর্ষে ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এতদিন পরও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এরপরই গতকাল ওই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ বিমান করপোরেশন এমপ্লয়িজ ইউনিয়ন (১৯৭৯) প্রবিধানমালার ৫৫ ধারা লঙ্ঘনের জন্য বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে প্রতিবেদনে।

হ্যাঙ্গারে সংঘর্ষের ঘটনায় বিমানের প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) আলী নাসেরকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি এবং বিমানের চিফ অব সেফটির নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে চার সদস্যের আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের লেজের হরিজেন্টাল স্ট্যাবিলাইজার ভেঙে যায়। অপর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের একটি অংশ ছিদ্র ও নোজের বড় অংশ (বিমানের নাক) দুমড়ে-মুচড়ে যায়। দুটি উড়োজাহাজই বিমানবহরে নতুন। ড্যাশ-৮ কিউ ৪০০-এর অনভিজ্ঞ টোম্যানকে দিয়ে হ্যাঙ্গার থেকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ বের করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার একদিন পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত