সাংবাদিক শিরিন হত্যা

দেশে দেশে প্রতিবাদ ইসরায়েলের বিচার দাবি

আপডেট : ১২ মে ২০২২, ১০:১০ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরে দায়িত্বরত আলজাজিরার প্রবীণ সাংবাদিক শিরিন আবু আকলেহকে (৫১) গুলি করে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে। এসব প্রতিবাদ থেকে ঘটনার সঙ্গে জড়িত ইসরায়েলকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, এ হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের ভয়াবহ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এভাবেই ডানে-বামে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডকে ভয়ংকর উল্লেখ করে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও সাংবাদিকদের রক্ষা করা আমাদের প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র লুইস মিগুয়েল বুয়েনো বলেছেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিক হত্যার ঘটনায় তিনি মর্মাহত।

কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বলেছেন, নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, দায়িত্বরত সাংবাদিকের ওপর সহিংস ঘটনায় আমরা হতভম্ব। আইন অনুযায়ী এ ঘটনার বিচার হওয়া উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, হত্যা চালিয়ে ইসরায়েল গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়।

গতকাল ফিলিস্তিনের রামাল্লা, গাজা ও পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্ক, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ, তাকে স্মরণে মোমবাতি প্রজ¦ালনসহ নানা কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের নাগরিক শিরিন আবু আকলেহকে গত বুধবার গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি ১৯৭১ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত