ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধপথে পাঠালে সরকার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলেও জানান অর্থমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে বিশ্বাস করেন আপনাদের লোকসান হবে না। আপনারা যদি রেমিট্যান্স পাঠাতে ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করেন তাহলে শুধু আপনারা নয় দেশও উপকৃত হবে না।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট আয়োজিত অনুষ্ঠানে ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্যাহ, প্রবাসীদের কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন প্রমুখ।
