লালমনিরহাটে ফখরুল

নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে

আপডেট : ১৩ মে ২০২২, ০২:০৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি।’

গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে জেলা বিএনপির বাইসাইকেল র‌্যালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

র‌্যালি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাকে আমি সাইকেল র‌্যালি বলতে চাই না। আমি এটাকে গণতন্ত্রের র‌্যালি বলে অভিহিত করতে চাই। আজকের এই র‌্যালির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে চেতনার জন্য আমরা লড়াই করেছিলাম, সেই চেতনা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আজ লালমনিরহাট থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকার ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই ফ্যাসিবাদী সরকার আমাদের ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। এ সরকারের আমলে দেশের কোনো কিছুই নিরাপদ নয়। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বুঝি না, আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো নির্বাচন নয়।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠ থেকে বাইসাইকেল র‌্যালিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি বলেন, ‘এই র‌্যালির মাধ্যমে সারা দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন সূচনার যাত্রা শুরু হলো। এ সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, ‘আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। কোনো দলীয় সরকারের অধীনে রাতের ভোটে আমরা অংশ নেব না। সাইকেল র‌্যালির মাধ্যমে আমরা দেশের মানুষকে একটিই বার্তা দিতে চাই, আসুন আমরা মিলিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করি।’

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা।

র‌্যালিটিতে প্রায় ৫ হাজার সাইকেল নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বড়বাড়ী মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিএনপি মহাসচিব জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত