বাড়ির দোতলায় ছাদের ওপর কাঠের তৈরি রান্না ঘর। ঘরটির এক কোণে বাসা বেঁধেছে ভীমরুল। সেই ভীমরুলের ভয়ে আতঙ্কিত ছিল পুরো পরিবার।
শুক্রবার রাতে ভিমরুলের বাসা পোড়ানোর জন্য আগুন দিতে গিয়ে নিজের রান্না ঘরই গেল পুড়ে।
এমন ঘটনায় হতবাক গৃহকর্ত্রী নিজে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায়।
রাতে হঠাৎ এ ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, পৌর শহরের ফেরিঘাট এলাকার আব্দুল জব্বার শেখের দোতলা বাড়ির ছাদের উপর কাঠের তৈরি রান্নাঘর ছিল। কিছুদিন আগে ঘরটির এক কোণে ভীমরুল বাসা বাঁধে। ভিমরুলের আতঙ্কে আতঙ্কিত ছিল ওই পরিবারটি। শুক্রবার রাতে আব্দুল জব্বার শেখের স্ত্রী হাসিনা বেগম ভীমরুলের বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেন।
রান্না ঘরটি কাঠের হওয়ায় আগুন মুহূর্তেই রান্না ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
খবর পেয়ে নলছিটি দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রান্না ঘরটি পুড়ে গেলেও বাড়িটিসহ রক্ষা পায় আশপাশের অসংখ্য পরিবার।
নলছিটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাসুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শুধু রান্না ঘরটি পুড়ে গেছে। এ ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
