বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা গতকাল টঙ্গীতে অবস্থিত বিএসইসি’র আওতাধীন এটলাস বাংলাদেশ ও বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের কারখানা পারিদর্শন করেন। এ সময় তিনি বিএসইসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিসপোজেবল রেজর ব্লেড প্ল্যান্ট স্থাপন এবং বিদ্যমান প্ল্যান্ট আধুনিকায়ন’ প্রকল্প এবং ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
‘রাসায়নিক গুদাম নির্মাণ’ প্রকল্প পরিদর্শন শেষে বিএসইসির চেয়ারম্যান বলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কাজ যথাসময়ে শেষ করা হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। প্রয়োজনে দুই তিন শিফটে কাজ করে প্রকল্প মেয়াদের মধ্যে কাজ শেষ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মু. আনোয়ারুল আলম, বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহারসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম নিরাপদ স্থানে স্থানান্তরের লক্ষ্যে সরকার বিসিকের মাধ্যমে বৈধ কেমিক্যাল কারখানা ও কেমিক্যাল ব্যবসায়ীদের স্থায়ীভাবে কারখানা ও গুদাম নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনা বাস্তবায়ন সময়সাপেক্ষ বিধায় দ্রুততম সময়ের মধ্যে কেবলমাত্র বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের আমদানিকৃত কেমিক্যাল সংরক্ষণের জন্য বিএসইসি’র আওতাধীন টঙ্গীর কাঁঠালদিয়ায় সম্পূর্ণ অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৯১ কোটি ৭৪ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় ৫৩টি গুদাম নির্মাণ করা হবে। বিজ্ঞপ্তি
