চুয়াডাঙ্গায় এক ভুয়া দাঁতের চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করা হয়েছে তার ক্লিনিক। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের বিএন রয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিস প্রতিষ্ঠানে এ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে লিনটন রয় জিপ্পু নামে ব্যক্তি দীর্ঘদিন থেকে দাঁতের অপচিকিৎসা দিয়ে আসছেনÑ এমন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসক পরিচয়দানকারী জিপ্পুকে আটক করা হয়। পরে তার ডিগ্রি ও ডাক্তারি সনদ দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জিপ্পুকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আজীবনের জন্য তার প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ফারজানা ববি ও সদর থানা পুলিশের একটি দল।
