সড়ক দুর্ঘটনায় এক দিনে আরও অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মুক্তিযোদ্ধা। কুষ্টিয়ায় পিকআপচাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক নববধূর। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নাটোর ও নীলফামারীতে বিভিন্ন পরিবহনের দুর্ঘটনায় নিহত হয়েছে আরও পাঁচজন। এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :রাজধানীতে মুক্তিযোদ্ধা নিহত : স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নায়েব আলী (৮০) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। গত সোমবার রাতে ঢাকার কলেজগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে রাজধানীর কলেজগেট এলাকায় বাসের ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলার কচুর এলাকায়। পরিবার নিয়ে মহাখালী মুক্তিযোদ্ধা কোয়ার্টারে থাকতেন।
মুক্তিযোদ্ধা নায়েব আলীর ছেলে মো. সাকিল জানান, তার মা সখিনা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। তিনি কিডনি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে সার্বক্ষণিক মায়ের দেখাশোনা করছিলেন বাবা। বাবা সোমবার দুপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বের হন। ওষুধ কেনা শেষে রাস্তা পার হয়ে আবার হাসপাতালে ফেরার পথে গাড়িচাপায় গুরুতর আহত হন।
এদিকে উত্তরার জসীম উদদীন রোড পুলিশ বক্সের সামনে বাসের চাপায় লোকমান হোসেন শরীফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে উত্তরখান মাদারবাড়ী এলাকায় থাকতেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, শরীফ নামের ওই ব্যক্তি স্কুটি চালিয়ে যাওয়ার সময় স্টার লাইন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।
কুষ্টিয়ায় পিকআপের ধাক্কায় নববধূ নিহত : কুষ্টিয়া মিরপুরে পিকআপের ধাক্কায় মেঘলা খাতুন (১৯) নামে মোটরসাইকেল আরোহী নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আসাদুল এবং মেঘলা খাতুনের স্বামী মুহিদুল গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামের পুলপাড়া নামক স্থানে পিকআপ ভ্যানের সঙ্গে তিনজন আরোহীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মিরপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের বাসিন্দা মুহিদুল ইসলাম তার স্ত্রী মেঘলা খাতুনকে শ^শুরবাড়ি থেকে নিয়ে বন্ধু আসাদুলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হন।
রূপগঞ্জে বাইসাইকেলচালক নিহত : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে টঙ্গীর আবদুল্লাহপুর থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাইসাইকেলচালক ইয়াছিন মিয়া (২৩)। গতকাল সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঘটে এ ঘটনা। নিহত ইয়াছিন উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক জোবায়ের হোসেন বলেন, গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় কুরিয়ার পার্সেল বহনকারী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে চালক সড়কেই পড়ে যান। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিজান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে মিজান ও তার ছেলে ভ্যানগাড়িতে করে মহাসড়কের পূর্বপাশের রাইস মিলে ধান ভাঙাতে যাওয়ার সময় মহাসড়কের মাঝখানে পৌঁছলে ঢাকামুখী কাভার্ড ভ্যান তাদের ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। মিজান উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মিজানের ছেলে নূর নবী।
বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন দফাদার (৪২) নামে এক ট্রাকচালক নিহত এবং চালকের সহকারী তাওরাত হাসান আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে জননী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন যশোর কোতোয়ালি থানার দোগাছিয়া গ্রামের আবদুল মালেক দফাদারের ছেলে। আহত তাওরাত একই এলাকার বাবুর আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, অপর ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই ট্রাক দুটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নীলফামারীতে তরুণ নিহত : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণের মৃত্যু হয়েছে গতকাল। মাহমুদুল হক (১৯) নামে ওই তরুণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত মাহমুদুল সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
