কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্কু বলেন, ‘আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছানো হয়েছে। যার অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবর পাঠানো হয়েছে।’
এদিকে গতকাল রাত ৭টা ৩৮ মিনিটে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মনিরুল হক সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এখন থেকে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।’
এর আগে গত বছরের ডিসেম্বরে দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকা এবং দলের কেন্দ্রীয় কমিটির একটি সভায় উপস্থিত না থাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে সাক্কুকে অব্যাহতি দেওয়া হয়। তখন তার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে থাকা কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল।
