সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ফাতেমা আলম (২৪) ও আবদুল্লাহ (২৫)। ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন। হাজীগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশাযোগে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট মিয়ারবাজার এলাকায় একাটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিভে যায় তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পরীক্ষার্থী।
নিহত ফাতেমা আলম হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে এবং আবদুল্লাহ একই উপজেলার হোসেন পাটোয়ারীর ছেলে। তারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ যাচ্ছিলেন।
চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ জানান, অটোরিকশাটি হাজীগঞ্জ উপজেলা থেকে চাঁদপুর শহরের দিকে আসছিল। আর পিকআপ ভ্যানটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশায় করে ফাতেমা, আবদুল্লাহসহ চারজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অংশ নিতে যাচ্ছিলেন। তাদের গন্তব্য ছিল চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ। পথে দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশাটি। এতে ফাতেমা ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে প্রাণ গেল পুলিশ সদস্যের : চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বেণুরাম নাথ (৪০) নামে এক এএসআই নিহত হয়েছেন। গতকাল সকালে নগরীর ইপিজেড থানার টিএসপি কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেণুরাম নাথ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনসের অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, সকালে টিএসপি কমপ্লেক্সের সামনে সড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকার খবর আসে আমাদের কাছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিচয় নিশ্চিত হই, তিনি একজন পুলিশ সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাত কাভার্ড ভ্যান বা লরিচাপায় বেণুরাম নাথ নিহত হয়েছেন।
টাঙ্গাইলে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২ : টাঙ্গাইল পৌর শহরে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল বিকেলে পৌর শহরের আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিল (৩০) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের আবদুস সালামের ছেলে। আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাস পুকুরিয়া গ্রামের শাকিল খানের ছেলে হাসান খান (১০) আর টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত আবদুল গাফফারের ছেলে আলতাফ (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, পৌর শহরের আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যান আর টাঙ্গাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন অটোযাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। অন্য দুজন হাসপাতালে ভর্তি। স্থানীয়দের সহায়তায় কাভার্ড ভ্যানের সহকারীকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
