পদ্মা সেতুর আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি গণফোরামের

আপডেট : ২১ মে ২০২২, ০৯:০৬ পিএম

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, পদ্মা সেতু প্রসঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে যে হেয় প্রতিপন্ন বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনগণের নিকট জবাব দিতে হবে ১২ হাজার কোটি টাকার পদ্মা সেতুর প্রকল্পে কীভাবে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়? পদ্মা সেতুর সম্পূর্ণ আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।

শনিবার বিকেল ৫টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিচারহীনতা, গণতন্ত্রহীনতা, অর্থপাচার সহ নানান সমস্যায় ভয়াবহ ভাবে জর্জরিত ও অবৈধ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ। জনতাকে নাজেহাল অবস্থায় ফেলে দিয়ে রাতের ভোটে ক্ষমতা দখল করা সরকার জনগণের দুরবস্থা নিয়ে চিন্তা না করে মিথ্যাচারিতায় লিপ্ত।

মন্টু বলেন, আজকের মহাক্রান্তিকাল উত্তরণে গণফোরামকে ভূমিকা রাখতে সংগঠনকে শক্তিশালী করতে জেলা-উপজেলা, পাড়া-মহল্লায়, গ্রাম-গঞ্জে দেশের সর্বত্র গণফোরামের আদর্শ ছড়িয়ে দিতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্রের লক্ষ্যে গণফোরাম সংগ্রাম চালিয়ে যাবে।

গণফোরাম ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক  মার্শাল এমএ কাদেরের সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রওশন ইয়াজদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি মোহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত